[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী A N M Ehsanul Haque Milon এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র Mahdi Amin, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীক্ষার প্রথম দিনে আজ এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও যানজট ও ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে দায়িত্বপ্রাপ্তদের চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চায় সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের মধ্যে অযথা পরীক্ষাভীতি তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে সব পাবলিক পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আভাস দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জানুয়ারিতে কোর্স শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। কোর্স শেষ হওয়ার পরই পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট হবে না।

প্রশ্নফাঁসের শঙ্কায় অতীতে পাবলিক পরীক্ষার সময়ে বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও এবার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ বা সরকারের নিবন্ধিত প্রতিষ্ঠান নয়। এগুলো নিয়ে সরকারের কোনো তালিকাও নেই।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর