ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নেওয়া ৪৯ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, সেলিমা রহমানের মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা। তার বার্ষিক আয় ৩৬ লাখ টাকার বেশি। ৮৫ বছর বয়সী সেলিমা রহমান এর আগেও দুবার সংসদ সদস্য ছিলেন।
প্রার্থীদের মধ্যে সবচেয়ে বিত্তশালী দলের তালিকায় এগিয়ে রয়েছে বিএনপি। দলটির একাধিক প্রার্থীর সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা।
বিএনপির আরেক প্রার্থী হেলেন জেরিন খানের সম্পদ ৬ কোটির বেশি। সুলতানা আহমেদের সম্পদ সাড়ে ৫ কোটির বেশি। শিরীন সুলতানার সম্পদ ৪ কোটি টাকার বেশি। নিপুণ রায় চৌধুরীর সম্পদ ৩ কোটি ৭৯ লাখ টাকা এবং শামীম আরা বেগম স্বপ্নার সম্পদ ৪ কোটি টাকা।
এ ছাড়া আন্না মিন্জের সম্পদ ৩ কোটি ৮ লাখ টাকা, জহরত আদিব চৌধুরীর ৩ কোটি ৯৬ লাখ টাকা এবং রেহেনা আক্তার রানুর প্রায় ৩ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
অন্যদিকে জামায়াতের প্রার্থীদের মধ্যে তুলনামূলক কম সম্পদ দেখা গেছে। তাদের মধ্যে সাবিকুন্নাহারের সম্পদ সবচেয়ে বেশি, ১ কোটি ৩৮ লাখ টাকা। মারজিয়া বেগমের সম্পদ ৮৮ লাখ টাকা এবং তাসমিয়া প্রধানের সম্পদ ৬৭ লাখ টাকা।
স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের বার্ষিক আয় সাড়ে ৫ লাখ টাকা এবং সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ২৮ লাখ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, কিছু প্রার্থীর বার্ষিক আয় কোটি টাকার ঘরেও রয়েছে। যেমন আন্না মিন্জ বছরে ১ কোটি ৫ লাখ টাকা এবং শামীম আরা বেগম স্বপ্না চলতি অর্থবছরে ২ কোটি ৬০ লাখ টাকা আয় দেখিয়েছেন।
সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে প্রার্থীদের আয়-সম্পদের হিসাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: