[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেল সংকটের আশঙ্কা নেই, সীমান্ত হত্যা ৭৫% কমেছে: উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

ফাইল ছবি

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ২৭ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন। এছাড়া ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ টন ডিজেল দেশে পৌঁছাবে। একইভাবে পেট্রোল ও অকটেনেরও পর্যাপ্ত মজুত রয়েছে। তাই জ্বালানি তেল নিয়ে সংকটের কোনো কারণ নেই।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে গত বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। একই সঙ্গে সীমান্তে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সাফল্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে ভারতের সঙ্গে সব ধরনের আলোচনা চলছে।

জঙ্গিবাদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে একটি অংশ শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং বিদেশ থেকেও তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে।

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সম্পর্কে তিনি জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ২৬ এপ্রিল দেশে মোট বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওইদিন সর্বোচ্চ ৩ ঘণ্টা লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে।

তিনি জানান, ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং উদ্বোধন করা হবে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পরে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানান তিনি। দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর