রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন Salahuddin Ahmed।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে রামিসা হত্যাকাণ্ডসহ দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে অল্প সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ হবে এবং বিচারিক প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। সরকার গঠনের পর সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেন তিনি।
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “সবসময় বিচারহীনতা বলা ঠিক নয়। অনেক সময় আদালতের প্রক্রিয়ার কারণে বিলম্ব হয়। তবে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। পাশাপাশি আইন সংস্কারের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। তবে দ্রুত বিচারের নামে যেন অবিচার না হয়, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: