[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১২:২৪

ফাইল ছবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন একজন পেশাদার আলেম ও মসজিদের ইমাম। নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদ মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

সচিব পদমর্যাদার এই উচ্চ প্রশাসনিক পদে কোনো ইমামের দায়িত্ব পাওয়ার ঘটনা এটিই প্রথম।

গত বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক)(১) ও ৫(ক)(২) অনুযায়ী তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের প্রশাসনিক ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ, এই প্রথম কোনো পেশাদার আলেমকে এ ধরনের উচ্চ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো।

মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী কওমি, আলিয়া ও আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একজন শিক্ষাবিদ। তিনি চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেছেন।

শিক্ষাজীবনে তিনি কওমি ধারায় দাওরায়ে হাদিস, আলিয়া ধারায় কামিল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

কর্মজীবনে তিনি শিক্ষক, গবেষক ও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রামের দারুল মারিফ ও দারুল উলুম মাদ্রাসায় দীর্ঘ সময় ইসলামী শিক্ষা ও গবেষণায় যুক্ত ছিলেন।

ইসলামী অর্থনীতি ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী উইংয়ের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর বাইরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং এনআরবি গ্লোবাল ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলে চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর