[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটবলকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের


প্রকাশিত: ২৩ মে ২০২৬, ২০:০২

দেশের ফুটবলসহ সব ধরনের খেলাধুলাকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রকৃত ক্রীড়াপ্রেমীদের হাতেই দেশের ক্রীড়াঙ্গনের নেতৃত্ব থাকা উচিত।

শনিবার দুপুরে যশোর-এর হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “যেদিকেই তাকাবেন সব জায়গায় দুর্বৃত্ত। ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত ক্রীড়াপ্রেমীরাই যেন দেশের সব খেলাধুলা পরিচালনা করেন, সেই ব্যবস্থা করতে হবে।”

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের ফুটবল প্রশাসনে রাজনৈতিক প্রভাব ছিল। উদাহরণ হিসেবে তিনি সাবেক ফুটবল সংগঠক গাজী গোলাম মোস্তফা এবং সাবেক মেয়র মোহাম্মদ হানিফ-এর নাম উল্লেখ করেন।

স্পিকার বলেন, “তখন এমন ধারণা তৈরি হয়েছিল যে, ঢাকা শহরের আওয়ামী লীগের সভাপতি মানেই তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি হবেন। গাজী গোলাম মোস্তফার পর মোহাম্মদ হানিফ দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি ফুটবল পছন্দ করতেন না, ক্রিকেটের ভক্ত ছিলেন। রাজনৈতিক চাপের কারণে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে।”

এ অবস্থার পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তাবিথ আউয়াল-এর মতো ক্রীড়ামোদীরা দায়িত্বে আছেন এবং যাদের খেলাধুলার প্রতি প্রকৃত আগ্রহ রয়েছে, তাদেরই নেতৃত্বে থাকা উচিত।

স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, মার্সেলো কার্লোস সেসা এবং জায়ান আজিজ।

অনুষ্ঠানে তাবিথ আউয়াল বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে স্কুল পর্যায়ে চতুর্থ শ্রেণি থেকে অন্তত চারটি খেলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উদীয়মান খেলোয়াড়দের জন্য আধুনিক জিমনেসিয়াম, ফিজিও সেন্টার, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, জাতীয় সংসদেও ক্রীড়া খাতের উন্নয়ন ও বাজেট নিয়ে জোরালো আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর