[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় ২১ প্রার্থীকে ইসির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১৬:৪৪

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থী এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৪ মে) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, অভিযুক্ত প্রার্থীদের আগামী ১৪ জুনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেও হিসাব জমা না দিলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান প্রয়োগ করা হবে।

ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এর আগে নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপরও যারা হিসাব জমা দেননি, তাদের জন্য শেষবারের মতো ১৪ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে আছেন জাতীয় পার্টি (রওশন), গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থী।

ইসি জানিয়েছে, ২১ প্রার্থীকে পাঠানো নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে এবং দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর