[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১৩:৫৭

ফাইল ছবি

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারাদেশের মতো ঢাকাতেও ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।

তিনি জানান, মুসল্লিদের প্রবেশের জন্য জাতীয় ঈদগাহে মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় বহুমাত্রিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং সিটিটিসির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, সব প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্ট ক্রসিংয়ে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড বসানো হবে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার স্থাপন এবং ড্রোন মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি জাতীয় ঈদগাহকেন্দ্রিক ট্রাফিক নির্দেশনা ও পার্কিং ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে মুসল্লিদের শুধু জায়নামাজ এবং প্রয়োজনে ছাতা সঙ্গে আনার অনুরোধ করেন। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না আনারও অনুরোধ জানান তিনি।

সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্য অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর