রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলোর কার্যক্রম চালু রাখতে কোনো বাধা নেই।”
তিনি আরও বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে। এ ঘটনার শাস্তি হিসেবে হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারের আইন ও বিধি-বিধানকে উপেক্ষা করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তবে চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম রোগ প্রতিরোধে শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কঠোর অবস্থানে রয়েছে বলেও অনুষ্ঠানে জানান স্বাস্থ্যমন্ত্রী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: