২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘চানাচুর মার্কা’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, “এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো; এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়।”
বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
আমির হামজা বলেন, জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হওয়া উচিত। রাষ্ট্রের আয় বাড়াতে কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে নতুন আয়ের উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব দূর করতে শিল্পায়নে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
শিক্ষা খাতে বরাদ্দের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো জরুরি। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষার অবহেলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্রপাতির ওপর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আহ্বানও জানান আমির হামজা।
রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। আগামী বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।
সরকারের বাজেট-সংক্রান্ত দাবির সমালোচনা করে আমির হামজা বলেন, সরকার বলছে বাজেট নিয়ে আনন্দের বন্যা বইছে। কিন্তু বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বিগত সময়ের মতো এবারের বাজেটের অর্থও যেন সরকারি দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে পাচার না হয়, সে বিষয়ে সরকারকে নিশ্চয়তা দিতে হবে। অর্থপাচার রোধে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা জনগণের সামনে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
“গতানুগতিক বক্তব্যে সমস্যার সমাধান হবে না, কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি,” যোগ করেন এই সংসদ সদস্য।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: