[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

২৩ জুনকে ঘিরে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:১৭

সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর।

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল এবং অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদরদপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বিভিন্ন এলাকায় দলীয় ব্যানার ও পতাকা নিয়ে প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করা হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের প্রতিও ক্ষোভ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণসহ নানা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। একই দিনে গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে একটি মিছিলের খবর পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের কারণে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর