মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সময় তিনি চীনে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়ায় সফর শেষ করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান।
তিনি জানান, চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। সেখানে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।
এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: