[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও আহতদের পূর্ণ পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ১৭:৪৭

সংগৃহিত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শহীদদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি এবং আহতদের জীবনমান উন্নয়ন ও পূর্ণাঙ্গ পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।”

বক্তব্যে আবেগঘন স্মৃতিচারণ করে তিনি বলেন, অনুষ্ঠান চলাকালে বারবার তার মায়ের কথা মনে পড়েছে। তিনি বলেন, “আমি যদি আজ আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম—আপনার ওপর যে অন্যায় হয়েছে, তার প্রতিশোধ কি আমি নেব? আমার বিশ্বাস, মা বলতেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব। আমার ভাইও একই কথা বলতেন।”

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি অন্যায় না হয়, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে।

তিনি বলেন, “বিচারে কিছুটা সময় লাগলেও প্রকৃত অপরাধীরই বিচার নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের লক্ষ্য ছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। তাই ৫ আগস্টের অভ্যুত্থানের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়; এটি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফসল।

দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব নয়। আপনারা আপনজন হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন। সেই ক্ষতি কখনো পূরণ হবে না। কিন্তু আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলে একদিন গর্ব করে বলতে পারবেন—আপনজনের আত্মত্যাগ দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। তাই দেশ, মাটি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

‘সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে শতাধিক শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের অভিজ্ঞতা ও বেদনার কথা তুলে ধরেন। এ সময় পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন। এ সময় শহীদ মিরাজের বাবা রব মিয়া, শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই অভ্যুত্থানে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ঈমন প্রধানমন্ত্রীর হাত থেকে স্মারক গ্রহণ করেন। পরে শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে একটি স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর