[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ১৮:৩১

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে নিজের বেতনের ১০ শতাংশ প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

একই সঙ্গে তিনি মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান মন্ত্রী।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার প্রস্তাব তারা চাইলে রাখতে পারেন, আবার না-ও রাখতে পারেন। এরপর প্রধানমন্ত্রী জানান, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ গরিব-দুঃখী মানুষের কল্যাণে কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সেই বেতনের ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা তিনি প্রতি মাসে নিজের ব্যাংক হিসাব থেকে তুলে সরকারি কোষাগারে জমা দেন।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেন, “আমি যেটা করছি, আপনারাও যদি মনে কিছু না নেন এবং আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে প্রতি মাসে আপনাদের বেতনের ১০ শতাংশ সরকারের কোষাগারে ফেরত দিতে পারেন।”

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগে মন্ত্রিসভার সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। আমরা খুশি হয়েছি যে তিনি আমাদের কাছে এভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর