[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

সরকারি চাকরিতে ৫২১৯২২ পদ শূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১৭:২৭

সংগৃহিত ছবি

সরকারি দপ্তরগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি দপ্তরগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২। এর মধ্যে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ।

তিনি বলেন, এসব শূন্যপদ পূরণে সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের সর্বশেষ তথ্য এবং নিয়োগ কার্যক্রমের অগ্রগতি জানতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের আশা, পরিকল্পনা অনুযায়ী নিয়োগ কার্যক্রম এগিয়ে নিলে সরকারি দপ্তরগুলোর দীর্ঘদিনের জনবল সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর