দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বরং বাজারে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করতেই জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে বিভাগটি।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিয়ে প্রকাশিত খবরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই প্রকৃত পরিস্থিতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে প্রায় ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েলের মজুত রয়েছে। বিদ্যমান সরবরাহ ব্যবস্থা অনুযায়ী জুলাই ও আগস্ট মাসজুড়ে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ধাপে ধাপে জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৬০ দিন থেকে ৯০ দিনে উন্নীত করা। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
যুগ্ম সচিব বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। এছাড়া আগস্ট মাসে আরও দুই লাখ ৪০ হাজার টন ডিজেল আমদানি হওয়ার কথা রয়েছে। ফলে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত নিশ্চিত থাকবে।
তিনি বলেন, ‘কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই কেউ কেউ জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। আমরা চাই, সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাক এবং এ ধরনের বিভ্রান্তিতে কেউ যেন কান না দেন।’
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: