শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হলে কোনো সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর সংবিধান ও আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, কোনো এমপি দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ নিয়ে সাংবিধানিক প্রশ্ন ওঠে। তবে দল থেকে বহিষ্কার করা হলে সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এমপি পদ বাতিল হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, স্পিকারের মাধ্যমে সংসদ থেকে রেফারেন্স বা চিঠি এলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংসদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া কমিশনের পক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন। অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আবহাওয়া, সরকারি পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় সাংগঠনিক তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: