রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নপত্রগুলো পরীক্ষা করবেন। এ সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: