রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ এই ‘পিংক বাস’ সার্ভিস আজ মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হচ্ছে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ঢাকায় ১০টি বাস চলবে
প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি ‘পিংক বাস’ চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।
ঢাকায় নির্ধারিত রুটগুলো হলো—
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
তালতলা-মতিঝিল
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-মতিঝিল
মিরপুর-১২-মতিঝিল
মোহাম্মদপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর-মতিঝিল
গাজীপুর-বিমানবন্দর
ঢাকার বাইরেও চলবে ‘পিংক বাস’
রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি ‘পিংক বাস’ চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।
নারী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ
বিআরটিসি আশা করছে, নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে। পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে।
সূত্র: বিআরটিসি
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: