প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, নতুন নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও নতুন নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে।
রোববার সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। যার আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন এবং একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম প্রধান কারিগর হবে দেশের প্রাথমিক শিক্ষা পরিবার।
দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণে শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কাঠামোর সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: