বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের জন্য সরকার নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করছে।
এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ভিত শক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সেই শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া হবে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দলীয় কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সব দেশেই পড়ছে। তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রেও তেল ও গ্যাসের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় না করে বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে দীর্ঘদিন চলা সম্ভব নয়।
তবে সরকার জনগণের কথা বিবেচনা করে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করতে হবে। পাশাপাশি শিশুদেরও বিদ্যুৎ ও জ্বালানির পরিমিত ব্যবহার শেখাতে হবে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: