দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, দেশের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণসমাজ। তাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ ও মেধাবীদের যথাযথ গুরুত্ব দিতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। স্কাউটিংয়ের মাধ্যমে কীভাবে জনসেবা করতে হয়, নেতৃত্ব দিতে হয়, জনগণকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য আত্মত্যাগ করতে হয়—এসব বিষয় শেখা যায়।
তিনি বলেন, আজ যারা স্কাউটিং করছেন, তারাই একসময় দেশের নেতৃত্বের আসনে বসবেন। তাই নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও নেতৃত্বদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ড. এহছানুল হক মিলন বলেন, সরকার মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিডডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ স্কাউটসের উন্নয়নে পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমাদের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ ও মেধাবীদের গুরুত্ব দিতে হবে। দেশের বিশাল জনসংখ্যাকে যদি দক্ষ জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাই বিশ্বে নেতৃত্ব দেবো। এজন্য আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি।”
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে অভিনন্দনপত্র, মেডেল এবং দুই হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: