সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও তারা রাজপথে আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চার বছরের মাথায় আন্দোলনের যুক্তি থাকলেও সরকারের সাত মাসের মাথায় এ ধরনের তৎপরতা ভিত্তিহীন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেনের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ সমাবেশের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও বিরোধীরা রাজপথে নেমেছে। তারা উত্তরের লং মার্চ শেষ করে দক্ষিণে যাচ্ছে এবং পূর্ব ও পশ্চিমে যাওয়ার পরিকল্পনা করছে। তবে বাংলাদেশের মানুষ তাদের এই কৌশল বুঝে গেছে বলে মন্তব্য করেন তিনি।
বিগত ১৭ বছরে বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিষয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না। ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো ঠাঁই নেই বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।
সরকারের সাত মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক জনআকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে। রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ চলমান রয়েছে। এর মধ্যেই একটি রাজনৈতিক গোষ্ঠী সরকার পতনের এক দফা ও লং মার্চের মতো কর্মসূচির কথা বলছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সরকার প্রথম এক মাস তেলের দাম বাড়ায়নি। তবে সীমান্ত দিয়ে তেলপাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সীমিত পরিমাণে দাম সমন্বয় করা হয়েছে।
সাময়িক এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতে তেলের দাম কমানো হবে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকারও চান তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হন। যেসব সাজাপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহার করে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান অনেক শিক্ষা দিয়েছে। ভবিষ্যতে স্লোগানে ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং আন্দোলনে শহীদদের প্রতি সম্মানের বিষয়টি তুলে ধরতে হবে।
বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: