সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা ওই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও কাজ করা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাজ শুরু করা হয়েছিল।
মন্ত্রী জানান, ৩৩ জনের ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে। ডিপিও নিয়োগপত্র ইস্যু করেন। এ সময় অনেকের ভেরিফিকেশন এবং ঠিকানা পরিবর্তনের বিষয় সামনে আসে। তারা পর্যায়ক্রমে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিচ্ছেন।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে এবং পরিবর্তিত ঠিকানার তথ্যও পাওয়া যাচ্ছে। যাদের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: