দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালাইসিসের সুযোগ বাড়ানো হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে সময় যেসব চিকিৎসা সরঞ্জাম ও মেশিন আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলোই ব্যবহার উপযোগী নয়। এতে শুধু অর্থ ব্যয় হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, অনেক সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তারা বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার করতে হবে। পাশাপাশি অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড এড়িয়ে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: