[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ২১:৩৩

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এমনভাবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা সংসদ চাইলেই তা সহজে বাতিল করতে না পারে। এ ব্যবস্থা বাতিল করতে হলে জনগণের মতামত নিতে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করে কমিটি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চ আদালতের রায়ের বিষয়গুলো সংবিধান সংশোধনীতে প্রতিফলিত হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় কিছু পরিবর্তন আসতে পারে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, বিরোধী দলসহ বিভিন্ন পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন না—এ বিষয়ে কমিটির সুস্পষ্ট মতামত রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাইযোদ্ধাদের সুরক্ষার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে যেসব দাবি এসেছে, সেগুলো বৈঠকে লিপিবদ্ধ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে থাকা অনেক বিষয় রাজনৈতিক দলগুলোও স্বীকার করেছে। এসব বিষয় সংবিধানে যুক্ত করার প্রয়োজন রয়েছে।

এ ক্ষেত্রে সংবিধানের তফসিলে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাসহ জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার আন্তরিক। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি অন্যান্য মামলার বিষয়গুলোও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে যাদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেগুলো বাদ দিয়ে সনদ বাস্তবায়নের সুযোগ নেই। সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবার মতামত ধারণের চেষ্টা করবে বিশেষ কমিটি।

সংবিধান সংশোধনের দাবিতে বিভিন্ন পক্ষের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, লংমার্চ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। যে কেউ এ কর্মসূচি পালন করতে পারেন। তবে লংমার্চ বা অন্য কোনো কর্মসূচির মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব নয়। সংবিধান সংশোধনের জন্য অবশ্যই সংসদীয় ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর