[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ২-৪ বছরের মধ্যে ছাগল ও মুরগির মাংস রপ্তানি করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১৪:২০

সংগৃহিত ছবি

আগামী দুই থেকে চার বছরের মধ্যে বাংলাদেশ থেকে ছাগল ও মুরগির মাংস রপ্তানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, শুধু কাঁচা মাংস নয়, উচ্চমানের মূল্য সংযোজিত পণ্য হিসেবেও এসব মাংস রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে গরুর মাংস রপ্তানি করা না হলেও গরুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিদেশে রপ্তানি হচ্ছে। চীন ও কোরিয়াসহ বিভিন্ন দেশে এসব পণ্যের ভালো চাহিদা ও বাজারমূল্য রয়েছে। বিশেষ করে গরুর ভুঁড়ির বিশেষ অংশ ট্রাইপ এবং পায়ের অংশ বুল স্টিক বিভিন্ন দেশে খাদ্য ও প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

তিনি বলেন, ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। আগামী দুই থেকে চার বছরের মধ্যে বাংলাদেশ ছাগল ও মুরগির মাংস রপ্তানি করতে পারবে। উচ্চমানের মূল্য সংযোজিত পণ্য হিসেবে এসব মাংস রপ্তানির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সহযোগিতা প্রয়োজন।

হরিণের খামার নিয়ে আইন হচ্ছে

দেশে হরিণের খামার গড়ে তোলা এবং খামারে উৎপাদিত হরিণের মাংস বাজারজাতকরণের বিষয়ে মন্ত্রী বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। তবে খামারে হরিণ পালনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, বিশ্বের অনেক দেশে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হলেও খামারে উৎপাদিত প্রাণীর বাণিজ্য বৈধ। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগের সম্ভাবনা তৈরি করতে আইন প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হচ্ছে।

পোল্ট্রি ফিডের দাম নিয়ন্ত্রণে বিশেষ টিম

পোল্ট্রি খামারিদের উৎপাদন ব্যয় ও ফিডের উচ্চমূল্য নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমেই খাদ্যের দাম যৌক্তিক পর্যায়ে আনতে হবে। একই সঙ্গে ফিডের গুণগত মান নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, পোল্ট্রি ফিডের অন্যতম প্রধান কাঁচামাল ভুট্টা। দেশে পর্যাপ্ত ভুট্টা উৎপাদন না হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হয়। তবে এ সুযোগে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ফিডের দাম অযৌক্তিকভাবে বাড়তে দেওয়া যাবে না। দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে। দ্রুত সমস্যার কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

খাদ্যের মান নিয়ন্ত্রণে আসছে নতুন ব্যবস্থা

খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে ভবিষ্যতে সব ধরনের খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) আওতায় নেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, মানুষের খাবার থেকে শুরু করে পশু-পাখির খাদ্য পর্যন্ত সব ধরনের খাদ্যের মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কর্তৃপক্ষ থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মাংস আমদানিতে বাধা নেই

পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে গরুর মাংস আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশে মাংস আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। চাহিদা থাকলে গরু কিংবা ভেড়ার মাংস আমদানি করা যাবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে সীমিত পরিসরে বিদেশি মাংস আমদানি হচ্ছে। বিশেষ করে উচ্চমূল্যের রেস্তোরাঁ ও পাঁচ তারকা হোটেলে আমদানি করা বিফ স্টেক পাওয়া যায়। তবে উচ্চমূল্য ও দেশের মানুষের খাদ্যাভ্যাসের কারণে এসব মাংসের বাজার এখনো সীমিত।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ দেশীয় মাংস খেতেই বেশি অভ্যস্ত। তাই বিদেশি দামি মাংসের তুলনায় দেশীয় মাংসের প্রতি তাদের আগ্রহ বেশি। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে আন্তর্জাতিক বাজার থেকে মাংস আমদানির সুযোগ থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর