কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
ইসি সচিব জানান, এ উপনির্বাচনে প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা থাকবে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। পাশাপাশি সংশ্লিষ্ট দুই উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান। পরদিন ১৫ নভেম্বর স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
স্পিকার জানান, পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর তারিখ থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: