কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারি চাকরিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা না রেখে জনসেবায় নিয়োজিত থাকার জন্য কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ ষড়যন্ত্রে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীর সদস্যও এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাদের সতর্ক করা হয়েছিল, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই দায়িত্ব পালন করেন এবং জনসেবায় নিয়োজিত থাকেন। এরপরও কারও মধ্যে এ ধরনের প্রবণতা থাকলে তা কঠোর নজরদারিতে রয়েছে। যাকে যেখানে চিহ্নিত করা হবে, তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে রয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে... কোনদিন... একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলোতে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।’
সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিসের চাপ? পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছি। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই, বাংলাদেশের মানুষও তা দেবে না।’
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে নিজেদের আশ্রয়স্থলে অবস্থান নিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণহত্যা চালিয়ে যেসব অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আরও রয়েছে। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: