[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

জীবনের নিরাপত্তা ঝুঁকিতে হান্নান মাসউদ, চাইলেন গানম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৫

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার স্বার্থে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, এটি শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়। তিনি চান, সব ভোটার যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নোয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আবদুল হান্নান মাসউদ গানম্যান চেয়ে আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আবেদনটি তারা পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর