মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাজধানীর মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানান জামায়াত আমির। তিনি বলেন, এ ধরনের নোংরা মব সংস্কৃতি গণতান্ত্রিক সমাজের জন্য হুমকি এবং তা এখানেই বন্ধ হওয়া উচিত।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষ এখন অনেক বেশি সচেতন। মব সৃষ্টি করে আর জনমত প্রভাবিত করা যাবে না। সবাইকে জনগণের কাছে নিজেদের বক্তব্য, রাজনৈতিক অঙ্গীকার ও আদর্শ নিয়ে যেতে হবে। জনগণ অতীত ও বর্তমানের বিচার করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা বা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, তাদের ক্ষেত্রে কোনো ছাড় না দিয়ে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ কর্মসূচি ও অঙ্গীকার নিয়ে জনগণের কাছে যেতে হবে এবং মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। তিনি দেশের ৩০০ আসনের প্রার্থীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ভোটারদের ওপর কোনো ধরনের চাপ বা প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে যে-ই নির্বাচিত হোক না কেন, সে ফলাফল রাজনৈতিক দলগুলোর মেনে নেওয়া উচিত এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজে সহযোগিতা করা উচিত। জামায়াতের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের লক্ষ্য হলো ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: