চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়।
বস্তাপচা, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি পরিবর্তন করে জনগণের অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ক্ষমতায় গিয়ে প্রতিপক্ষকে মামলা-হামলা দিয়ে নিঃশেষ করার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না।
তিনি বলেন, সরকার গঠন করতে পারলে বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি মা ও শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজের প্রসঙ্গে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে পাঁচ লক্ষ যুবককে কোরআনে বর্ণিত ক্বারজে হাসানাহ পদ্ধতিতে দশ হাজার টাকা করে দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একই সঙ্গে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং নারীদের জন্য আয়মুখী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
রামচন্দ্রপুর হাটের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, এক সময়ের ঐতিহ্যবাহী এই হাটটি এখন সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে তার ঐতিহ্য হারাতে বসেছে। তথাকথিত ‘ভিলেজ পলিটিক্স’-এর মাধ্যমে তরুণদের হাতে মাদক ও সন্ত্রাস তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া তিনি বিভিন্ন এলাকায় কেন্দ্র দখলের ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের জনগণ এসব অপচেষ্টা কোনোভাবেই মেনে নেবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর লতিফুর রহমান, অধ্যাপক মুখলেছুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: