[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

এবার মুফতি আমির হামজার মা'কে যুবদল নেতা কতৃক লাঞ্ছিত করার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০১

কুষ্টিয়া–৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজার মায়ের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।

তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর কষ্ট প্রকাশ করে প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা সেই পোস্টে বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় তার মহিলা কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এ সময় মহিলা কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এবং বারবার আক্রমণের জন্য তেড়ে আসা হয়।

তিনি আরও বলেন, ওই প্রচারণায় তার সম্মানিত মা উপস্থিত ছিলেন। তাকেও অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়, যা নারীদের প্রতি বর্বর আচরণ এবং রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি আমির হামজা বলেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এছাড়া তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাজনীতির পক্ষেই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর