[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাসে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে-নূরুল ইসলাম বুলবুল

আসাদুল্লাহ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ২২:৪৫
আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১

বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে জনসভায়-নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর লতিফুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা পরিবার ও সমাজে আত্মনির্ভরশীল হতে পারেন।

তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা কাজ করতে পারবে না বা বোরখা ছাড়া বাইরে যেতে পারবে না- এমন বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার বলেও দাবি করেন তিনি।

বুলবুল আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাসে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে। বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। টিটিসির অবকাঠামো উন্নয়ন ও বিভাগ বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

তিনি মহানন্দা নদীর রাবার ড্যাম ও আধুনিক সেচব্যবস্থা উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি মহানন্দা ব্রিজকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

দুর্নীতি, মামলা বাণিজ্য, সন্ত্রাস ও বস্তাপচা রাজনীতি বন্ধের অঙ্গীকার করে তিনি বলেন, জামায়াতে ইসলামী শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চায়।

নির্বাচিত হলে যানজট নিরসন, বারঘরিয়ায় ওভারব্রিজ নির্মাণ, খেলার মাঠ বৃদ্ধি এবং ইউনিয়নের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, ভোট মানুষের পবিত্র আমানত। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর