[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ২২:২৫

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. এরফান আলী উপজেলার বীরেশ্বরপুর গ্রামের বাসিন্দা। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী বলে জানা গেছে।

 

অভিযান সূত্রে জানা যায়, মো. এরফান আলী নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে একটি গোপন বৈঠকে লিপ্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও সংশ্লিষ্ট প্রার্থী সেখানে উপস্থিত হননি।

 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন সেখানে অভিযান চালান। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে গোপন বৈঠক করার দায়ে তাকে আটক করা হয়। পরে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। 

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, "নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বা আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর