[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৩

ফাইল ছবি

সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এর আগে জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পুলিশ তাদের বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ইনকিলাব মঞ্চের দাবি, এ সময় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া ডাকসু নেত্রী জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।

তবে এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে কেউ গুলিবিদ্ধ নন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর