[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা দেশ স্তম্ভিত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৬

সংগৃহিত ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের সাম্প্রতিক শিশু হত্যাকাণ্ড ও ধর্ষণ মামলায় স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকায় ছয় বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুলছাত্রীকে হত্যা – এই ঘটনায় গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

শফিকুর রহমান আরও বলেন, “এই ঘটনাগুলোতে নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাওয়া মানবাধিকারের বড় লঙ্ঘন।”

তিনি প্রশ্ন তুলেছেন, শিশু তাহিয়া হত্যার পর একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেয়ার চেষ্টা কার ইশারায় করা হয়েছে এবং কোন পক্ষ পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তিনি বলেন, “দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।”

জামায়াত আমীর আরও বলেন, দোষীদের আইনের আওতায় আনা, স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা অপরিহার্য। পাশাপাশি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

শফিকুর রহমান মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, “আমরা দেশের সকল মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থাকবো, ইনশাআল্লাহ।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর