[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

গণভোট সংকট বিএনপিকেই সমাধান করতে হবে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৬:৫৪

সংগৃহিত ছবি

গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নোট অব ডিসেন্ট বাদে সব মানা হবে, এর কোনো অর্থ হয় না। এটি জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল বলেই তারা আগে গণভোট হতে দেয়নি।

তিনি দাবি করেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ ১০টি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন সেই নোট অব ডিসেন্টের কথা বলে তারা এসব বাস্তবায়ন করতে চাচ্ছে না।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বানও জানান জামায়াতের এই নেতা।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলছেন দেশে কোনো সংকট নেই। অথচ পাম্পে লাইনের চিত্র ভিন্ন কথা বলছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে দেশকে সহিংসতার দিকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। অথচ এর দায় শিবিরের ওপর চাপানো হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর