ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নয় বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির মহাসচিব এ আহ্বান জানান। তিনি লিখেছেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।
মির্জা ফখরুল বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”
তিনি আরও বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদরাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শিশুদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ করার পূর্বশর্ত বলেও মন্তব্য করেন তিনি।
পরিবর্তনের এই সংগ্রামে দেশের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: