গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবেন, সেখানেই হেনস্তার শিকার হবেন। বিএনপি নয়, সাধারণ জনগণই তাকে প্রতিরোধ করবে।
বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান দাবি করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবির জড়িত ছিল।
তিনি বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক জোকার। তিনি প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। দেশের রাজনীতির জন্য তিনি কলঙ্ক।”
পাটওয়ারীর সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে তিনি “অমানুষের মতো আজেবাজে কথা” বলছেন। ঝিনাইদহ সফরের সময় তিনি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ খান।
তিনি দাবি করেন, ওই ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত ছিল না। একই সঙ্গে কটূক্তি করে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই।”
সংবাদ সম্মেলনে জামায়াতের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাদের স্বাধীনতাবিরোধী শক্তি উল্লেখ করে তিনি বলেন, দলটি সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে এবং দেশের মানুষ এ অপশক্তিকে গ্রহণ করবে না।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন ও উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: