বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় জ্বালানির মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
গত ৩১ মে রাত ১২টা থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর এ প্রতিক্রিয়া জানায় দলটি।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের যুক্তি দেখিয়ে জ্বালানির দাম আবারও বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তার দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও দেশের ভোক্তারা সেই সুফল পান না। বরং দাম বাড়ানোর প্রবণতাই বেশি দেখা যায়।
তিনি অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। এতে দ্রব্যমূল্য আরও বেড়ে যায়। তবে পরে জ্বালানির দাম কমলেও বাজারে পণ্যের দাম আগের অবস্থায় আর ফিরে আসে না।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের নামে জনগণকে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ব্যয়ের চাপে ফেলা হচ্ছে। সরকারের এমন জনস্বার্থবিরোধী নীতির পুনরাবৃত্তি বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। নতুন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল, ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে তা ক্ষুণ্ন হচ্ছে।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলার দায়িত্ব সরকারের। কিন্তু সেই চাপ পুরোপুরি জনগণের ওপর চাপিয়ে দিলে সরকারের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।
সবশেষে তিনি জনগণের আর্থিক বোঝা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববাজারের পরিবর্তে দেশের মানুষের ক্রয়ক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় জ্বালানির মূল্য নির্ধারণের দাবি জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: