[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে সরকার, জোর করে নয়: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১৭:৩৭

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কোনো অপরাধীই ছাড় পাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাব যে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেয়। জনগণের বিশ্বাস, দেশ ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ।

তিনি আরও বলেন, দেশে দুটি অপশক্তি রয়েছে—একটি মুক্তিযুদ্ধবিরোধী এবং অন্যটি ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িত। দেশের মানুষ এসব শক্তির বিপরীতে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে।

দুই পর্বে অনুষ্ঠিত কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর