[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

আবু সাঈদের রক্তের সঙ্গে কখনো বেইমানি করবে না ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১৯:৫৩

সংগৃহিত ছবি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না। খুনি হাসিনা ও তার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদল রাজপথে থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আবু সাঈদের এ সমাধিস্থল থেকে আমরা প্রতিজ্ঞা করছি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না। তাদের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা জাগ্রত থাকব। খুনি হাসিনা এবং তার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা রাজপথে থাকব।”

তিনি আরও বলেন, “আবু সাঈদ শুধু জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর নন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মানসিকতা তার অনেক আগে থেকেই ছিল। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

এর আগে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি।

পরে তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় পরিবারের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শুনে সেগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

কবর জিয়ারতের সময় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর