[email protected] শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে ট্রাইব্যুনালে ১১ দলের স্মারকলিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১৩:৩৭

সংগৃহিত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়াসহ সাত দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ স্মারকলিপি তুলে দেন জোটের প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা। তাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের প্রধান প্রধান ঘটনাস্থলের অধিকাংশের তদন্ত এখনও শেষ হয়নি। দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এতে আরও বলা হয়, অভিযুক্ত বহু পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখনও গ্রেফতার হননি। এমনকি অভিযোগ থাকা সত্ত্বেও অনেকে সরকারি দায়িত্বে বহাল রয়েছেন। তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলেও ঢাকা, রংপুর ও কুষ্টিয়ার বাইরে সংঘটিত অনেক ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনও গ্রেফতার করা হয়নি। এতে ভুক্তভোগী ও সাক্ষীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া গুম, হত্যা, মরদেহ গোপন বা ধ্বংসের অভিযোগে জড়িত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জোটের নেতারা অভিযোগ করেন, তদন্ত ও বিচার কার্যক্রমে অস্বাভাবিক ধীরগতির কারণে বিচারপ্রার্থী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। তাই মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর