সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করছে এবং বিরোধী রাজনৈতিক কর্মসূচি দমনে হামলার পথ বেছে নিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থে সন্ত্রাস মোকাবিলায় ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “আমরা গোলাপগঞ্জে যাব। সেখানে দেখব সরকারের কত সন্ত্রাসী আছে। কিন্তু গণভোটের গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি আরও দাবি করেন, গোলাপগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা প্রমাণ করে সরকার সংস্কার চায় না এবং রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগও দিচ্ছে না। তার ভাষায়, “পুরোনো কায়দায় হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িতে যেভাবে হামলা করা হতো, একই কায়দায় আমাদের গাড়িতেও হামলা করা হচ্ছে।”
সভায় নাহিদ ইসলাম শাবিপ্রবির ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে এবং গণতন্ত্রের কথা বলা ব্যক্তিরাই ভোটাধিকার ক্ষুণ্ন করেছেন।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরারের সভাপতিত্বে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ারসহ অন্য নেতারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: