জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ সম্পন্ন করেন। এ সময় তিনি দেশ ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
শনিবার (২২ আগস্ট) এনসিপির মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে স্ত্রীসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আসিফ মাহমুদ। এ সফরে তার সঙ্গে এনসিপির আরও কয়েকজন নেতা রয়েছেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপির নেতারা। এ সময় আসিফ মাহমুদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। এরপর তার মদিনা মুনাওয়ারা সফরে যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: