একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশবিরোধী কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। নিষিদ্ধ কোনো সংগঠন দেশের প্রচলিত আইনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না।
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে মীর হেলাল বলেন, বিরোধী দল একেক সময় একেক কথা বলে। সংসদের ভেতরে এক ধরনের অবস্থান, আবার বাইরে ভিন্নরূপ। তাদের বিরুদ্ধে বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা তারা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। একটি নির্বাচিত সরকারকে জ্বালাও-পোড়াও ও ঝটিকা মিছিলের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন বাস্তবায়িত হবে না।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি। বিভাজন নয়, জাতীয় ঐক্যই দেশের অগ্রযাত্রার ভিত্তি।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু অভিযোগ করেন, একটি মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।
সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি সরকারকে হুমকি দিচ্ছে। যারা এ ধরনের হুমকি দিচ্ছেন, তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে নগরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: