[email protected] সোমবার, ১১ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

ম্যাংগো ক্যালেন্ডার

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ২০:০৮

ছবি-আলোকিত গৌড়

রাজশাহীতে চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে গুটি আম বাজারে আসবে। এরপর ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি আম বাজারজাতের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ করা যাবে।

তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ ও বাজারজাত করা যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অপরিপক্ব আম বাজারে আসা ঠেকাতে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর