[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

ভোলাহাটে রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০০:১৭

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের তিনটি গ্রামের বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে অনন্য এক প্রতিবাদ করেছেন। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা জমির মতো অনুর্বর হয়ে পড়েছে। এ অবস্থায় রাস্তার উপরই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

২০০৯ সালে মান্নুমোর থেকে বড়গাছী বাইপাস পর্যন্ত কার্পেটিং করা এই রাস্তাটি প্রায় ১৭ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। আন্দিপুর, কৃষ্ণপুর ও হাঁড়িয়াবাড়ি গ্রামের প্রায় চার কিলোমিটার জুড়ে রাস্তাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তার বড় একটি অংশ খানাখন্দে পরিপূর্ণ, যা যানচলাচলের একেবারেই অনুপযোগী।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, এ রাস্তাটি এতটাই অবহেলিত যে কেউ দেখারও নেই। আমাদের এলাকাটি বিরোধীদলীয় অধ্যুষিত হওয়ায় শেখ হাসিনা সরকার এখানে কোনো উন্নয়ন কাজ করে নি।

প্রতিবাদে অংশ নিয়ে আবুল কালাম নামে এক ব্যক্তি বলেন, রাস্তাটি জমির মতো পড়ে আছে, তাই আমরা এখানে ধান রোপণ করেছি। এটাই আমাদের প্রতিবাদ।

জামবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জগলুল হক জানান, রাস্তার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমার জানামতে, বাজেট বরাদ্দ থাকলেও কাজ শুরু হয়নি। কেন হচ্ছে না, তা আমি বলতে পারছি না।

স্থানীয়রা দাবি করছেন, দ্রুত রাস্তাটি সংস্কার করে তাদের দুর্ভোগ লাঘব করতে হবে। অন্যথায় তাদের এই অসহযোগ আন্দোলন আরও জোরালো হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর