রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (৩৫)। তিনি মতিহার থানাধীন কাজলা এলাকার নাজিরের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তুষার এলাকায় চুরির ঘটনায় পূর্ব থেকেই পরিচিত ছিলেন।
জানা গেছে, গত ১০ মে চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি তুষারকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে প্রকাশ্যে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ চুরির অভিযোগের কথা বললেও, অনেকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
সচেতন মহলের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোই সঠিক পদ্ধতি। কাউকে প্রকাশ্যে বেঁধে নির্যাতন করা আইন ও মানবাধিকারের পরিপন্থী।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: